
বগুড়া জজ কোর্টের পিয়ন আবু তালেবের অর্থ-সম্পদ, গাড়ি ও বাড়ি নিয়ে বিভিন্ন অভিযোগ ও তথ্য প্রকাশের পর এবার সামনে এসেছে তার পারিবারিক পরিচয়।
জানা গেছে, আবু তালেবের জন্ম বগুড়ার কাহালু উপজেলার বিশা গ্রামে। তার বাবা মহির উদ্দিন এবং মা রমিছা খাতুন। তিন ভাই ও দুই বোনের মধ্যে আবু তালেব একজন। তার বড় ভাই কালাম পেশায় রিকশাচালক, আরেক ভাই শুটকু প্রবাসী। দুই বোনের নাম রাবেয়া ও নাজমা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু তালেবের বাবা গ্রামের বিভিন্ন বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা তালেব বর্তমানে বগুড়া জজ কোর্টে পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন।
তবে অফিসের একটি সূত্রের দাবি, চাকরির শুরুর দিকে আবু তালেব সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তিনি ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ওই সূত্রের অভিযোগ, ঘুষ ও অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থে তিনি গাড়ি-বাড়িসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আবু তালেবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং সম্পদের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।