
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে দেশীয় ধারালো ‘বার্মিজ চাকু’সহ তৌফিক হাসান (২৪) নামের এক মাদকাসক্ত ও ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
আটককৃত তৌফিক বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বেলা ১টার দিকে মহাস্থান এলাকায় একটি বার্মিজ চাকু সঙ্গে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তৌফিক। তার আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে ধারালো চাকুসহ হাতেনাতে আটক করেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) উৎপল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চাকুটি নিজের বলে স্বীকার করেন তৌফিক।ঘটনার খবর পেয়ে তৌফিকের বাবা বকুল মিয়াও ঘটনাস্থলে উপস্থিত হন।
উপস্থিত পুলিশ ও জনতার সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকে আসক্ত। প্রতিদিন মাদকের টাকার জন্য সে পরিবারকে জিম্মি করে রাখে, ঘরবাড়ি ভাঙচুর করে এবং এমনকি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো অপরাধে লিপ্ত হয়। সন্তান হলেও সমাজে শান্তি ফেরাতে পুলিশ হেফাজতে থাকা ছেলের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই বাবা।
এ ঘটনায় সমগ্র মহাস্থান এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তৌফিকের বাবার এহেন কঠোর ও সাহসী অবস্থানকে সাধুবাদ জানানোর পাশাপাশি এলাকাকে মাদক ও ছিনতাইমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।