
নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। চারা বিতরণের আগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার পরামর্শ দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী। এছাড়া বাংলা টিভির নাটোর প্রতিনিধি মেহেদী বাবু, শিক্ষক আজাদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।