
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত হামিম সাতকানিয়া উপজেলার আফজলনগর ফজর বর বাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামিমকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. মহিউদ্দিন জানান, হামিমের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কি না বা ঠিক কী কারণে তাকে এমন হামলার শিকার হতে হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।