
খুলনার তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেরখাদা উপজেলা হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উদ্যোগে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ এবং তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা ও মোঃ জাফর ইকবাল।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে দ্রুত, সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে বাংলা QR একটি কার্যকর ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
বাংলা QR ব্যবহারের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য লেনদেন আরও সহজ ও স্বচ্ছ করা সম্ভব। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বাংলা QR-এর ব্যবহার পদ্ধতি, এর সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্যে এর কার্যকর প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিতদের মধ্যে বাংলা QR ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ও লেনদেন ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হলে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল সেবাগুলো সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এ ধরনের উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির আয়োজনে মাহাবুবা আক্তার ও মোর্শেদা জাহানের যৌথ পরিচালনা ও অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা QR-এর ব্যবহার সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।