
শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের যোগার পাড়া গ্রামে জায়গা নিয়ে দ্বন্দ্বে আওয়ামী নেতা আশরাফ আলীর নেতৃত্বে হামলা মারপিটে সৈয়দ রুহুল হাসান জুমা (৬৫) তার স্ত্রী মাহমুদা ইয়াসমিন (৫০) ও বৃদ্ধ পিতা সৈয়দ জয়নাল আবেদীন (৯০) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সৈয়দ রুহুল হাসান জুমা ও তার স্ত্রী মাহমুদা ইয়াসমিনকে গুরুতর অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগ নেতা আশরাফ আলী যোগারপাড়া গ্রামের সৈয়দ জয়নাল আবেদীনের ২৯ শতক জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা করেন। সেই সময় সৈয়দ জয়নাল আবেদীন আদালতে মামলা দায়ের করেন বর্তমানে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজ সকালে আশরাফ আলীর স্ত্রী উক্ত জায়গায় গাছের সাজনা পারতে গেলে সৈয়দ রুহুল হাসান জুমা নিষেধ করেন। এ ঘটনার জের ধরে বীরকেদার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী ও তার ছেলে কাহালু উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বহিরাগত ২৫/ ২৬ জন লোক নিয়ে রুহুল হাসান জুম্মার বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদেরকে মারপিট করেন। এ সময় তারা বাড়ির দরজা জানালা ভাঙচুর করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।