
বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকার পোল্ট্রি ফিড আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে সাড়ে ২৯ লক্ষ টাকার বিপুল পরিমাণ চোরাই মালামাল।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ফকিরতালা এলাকার নারিস পোল্ট্রি ফিডের পরিবহন ঠিকাদার রিয়াজুল ইসলাম সম্রাটের কাছ থেকে গত ২৪শে আগষ্ট দুটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৬২৮৯৮ ও ঢাকা-মেট্রো-ট-১৪-৫৭১৩) মাধ্যমে মোট ৩০ টন (আনুমানিক ৩০ লাখ টাকার) নারিশ পোল্ট্রি ফিড থেকে ঝিনাইদহ ও যশোর ডিপোতে পৌঁছানোর কথা। কিন্তুু প্রতারক চক্র ১২০০ বস্তা মালামাল নিয়ে আর গন্তব্যে পৌঁছায়নি। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্নভাবে তালবাহানা করে। পরে রিয়াজুল ইসলাম সম্রাট বাদি হয়ে শেরপুর থানায় গত ২৮শে আগষ্ট বাবু মিয়া (৪০), মাহবুব হোসেন (৫০), আরিফুল ইসলামসহ ৬জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা হওয়ার পর এসআই সাইফের নেতৃত্বে পুলিশের ২৮শে আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর চার দিনের সাঁড়াশি অভিযানে দেশের ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে ৩২০ বস্তা, শেরপুর জেলার চর শেরপুর থেকে ২৮০ বস্তা, সাতক্ষিরার পাটকেল ঘাট থানার বলফিল থেকে ১২০, খুলনা জেলার রুপসা থানার কদিবটতলা থেকে ৩৭৭ বস্তা ও একই জেলার মেট্টোপলিটন হরিন হাটা থেকে ৬৬ বস্তা মোট ১১৬৩ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ২৯ লাখ টাকা।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।