
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর মধ্যপাড়া গ্রামে বহুদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি ও বর্তমান জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ, পাকুড়তলা বন্দর জামায়াতের সভাপতি আজিবর, সমাজসেবক মিনারুল ইসলাম ও নাজিম উদ্দীনসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নই আমার মূল অঙ্গীকার। এই রাস্তা সংস্কারের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। কৃষকরা সহজে তাদের ফসল বাজারে পৌঁছাতে পারবেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবেন এবং সর্বোপরি এই রাস্তা গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দেবে।”
তিনি আরও বলেন, “রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি—এই চারটি খাতকে সামনে রেখে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করা হবে। উন্নয়নের ধারা থেমে নেই, ভবিষ্যতেও থামবে না।”
স্থানীয়রা জানান, বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ। মধুপুর মধ্যপাড়া গ্রামের মানুষ এই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। এলাকাবাসী একবাক্যে বলেন, “আমরা আশা করি এই উদ্যোগ পুরো ইউনিয়ন জুড়ে বিস্তৃত হবে এবং আরও উন্নয়ন কার্যক্রম চালু হবে।”
সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। জনসাধারণের আশা—এই ধরনের উন্নয়নমুখী কার্যক্রম অব্যাহত থাকলে শিবগঞ্জ একদিন আধুনিক ও উন্নত অঞ্চলে রূপ নেবে।