
বগুড়ায় ভূমি অপরাধ আইনে উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মালিককে দখল বুঝিয়ে দিল প্রশাসন।
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি অপরাধ আইন, ২০২৩ এর অধীনে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “ক” অঞ্চল এর অধীনে দায়েরকৃত ভূমি অপরাধ আইন, ২০২৩ এর ১৪ (ভূমি অপরাধ)/২৫ নং মামলার আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। মান্যবর জেলা প্রশাসক বগুড়া এ আদেশ বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (০৯ মার্চ ২০২৬) তফসিলে বর্ণিত সম্পত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে দখল করে থাকা দখলদারদের উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধ দখলের সমস্যার দ্রুত সমাধান পেতে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে ভূমি অপরাধ আইন অনুযায়ী মামলা করা যেতে পারে। এতে প্রশাসনের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।