
বরিশাল ও লালমনিরহাটে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করছেন স্থানীয়রা। বরিশাল স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে এবং ইতোমধ্যে সেখানে ডিজিটাল স্কোরবোর্ড স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও চোখে পড়ছে বলে সংশ্লিষ্টদের দাবি।
অন্যদিকে, লালমনিরহাটেও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সড়কে আধুনিক ও বিলাসবহুল ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগকে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।
তবে একই সময়ে বগুড়ার উন্নয়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জেলার সচেতন মহলের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে বড় ধরনের দৃশ্যমান উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছে বগুড়া। প্রায় দুই দশকের বৈষম্যের অভিযোগ তুলে তারা প্রশ্ন তুলেছেন—”আর কত অপেক্ষা? বগুড়ার প্রাপ্য উন্নয়ন কবে বাস্তবে রূপ নেবে?
বগুড়াবাসীর প্রত্যাশা, রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে জেলার ক্রীড়া, অবকাঠামো ও নাগরিক সুবিধা উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করে বগুড়াকে দেশের অন্যান্য জেলার মতো এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।