
বগুড়ার কাহালু বাজারে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম।
বুধবার (৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, বারবার ব্যবহৃত পুরোনো তেলে খাবার ভাজা এবং একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার সংরক্ষণের দায়ে আরও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।