
বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সিয়াম মন্ডল (২৪)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ জুন সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্ত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি মীমাংসার জন্য গেলে প্রধান আসামি আবু সাইদ ধারালো বার্মিজ চাকু দিয়ে মো. সোহাগ (২৫)-কে আঘাত করেন। এ সময় সিয়াম মন্ডল চাপাতি দিয়ে মো. রুবেল-কে কুপিয়ে গুরুতর আহত করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
গুরুতর আহত সোহাগকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন তিনি মারা যান। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত সিয়াম মন্ডলের বাড়ি শাজাহানপুর উপজেলার বেজোড়া (দক্ষিণপূর্বপাড়া) গ্রামে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারসহ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।