
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার অন্যতম ব্যস্ত স্থান সপ্তপদী মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে হকার দোকান গুলো থাকাকালীন একধরনের যানজটের সৃষ্টি ছিলো। এখন হকারদের তুলে দেওয়ার পরে অটোরিকশা চালকদের বেপরোয়া ভাবে যাত্রী ওঠানামার কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। রাস্তার মাঝখানেই অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করানোর অভিযোগে প্রতিদিনই যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সাধারণ মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত সপ্তপদী মার্কেট এলাকায় মানুষের ব্যাপক যাতায়াত থাকে। কিন্তুু নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার না করে অনেক অটোরিকশা চালক সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান। ফলে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
এলাকাবাসীর অভিযোগ, ব্যস্ত সময়ে সড়কের দুই পাশে অটোরিকশার সারি লেগে থাকায় অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের রাস্তা পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী বলেন, প্রতিদিন একই চিত্র দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী সমাধান এনে দিতে পারেনি। ফলে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, সপ্তপদী মার্কেটের সামনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, নিয়মিত তদারকি এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সচেতন মহলের মতে, বগুড়ার গুরুত্বপূর্ণ এই এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।