
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে পিডিবি রোড—নিত্যদিন হাজারো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থা এখন নগরবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হলেও শহরের কেন্দ্রস্থলের এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের করুণ চিত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটি অংশজুড়ে কাদা, অসংখ্য গর্ত এবং জমে থাকা পানির কারণে যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সড়কজুড়ে কাদার স্তর ও পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় সমতল রাস্তা—তা বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে।
এ সড়ক দিয়ে প্রতিদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী যানসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি আশপাশে রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার। ফলে সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয় এবং ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা বেহাল থাকলেও স্থায়ীভাবে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।
একাধিক পথচারী ও ব্যবসায়ী জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন ভাঙাচোরা ও কাদাময় সড়ক কোনোভাবেই একটি আধুনিক নগরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
নগরবাসীর দাবি, বগুড়া সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করে। একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নগরের প্রধান সড়কগুলোর টেকসই উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।