
নওগাঁ জেলা প্রতিনিধিঃ বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক গতকাল রাতে মারা গেছেন। নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। বুধবার (৬ ই মার্চ) সকালে শহরের আকবরিয়া ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দুপুরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবাদুল হক নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বৈশাখী টেলিভিশন পরিবার। শোক জানিয়েছে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।