
বিশ্বের বর্তমান বিভক্ত পরিস্থিতিতে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে অর্থনৈতিকভাবে অগ্রসর ও সমৃদ্ধ ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নে আয়োজিত এক বিশেষ বক্তৃতায় এই আহ্বান জানান। ‘একটি বিভক্ত বিশ্বে সমৃদ্ধি: ক্ষুদ্র রাষ্ট্রসমূহ এবং বৈশ্বিক প্রভাবের মানচিত্র পুনর্নির্ধারণ’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বর্তমান বিশ্বব্যবস্থায় ছোট কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন।
প্রধানমন্ত্রী ঐতিহ্যগতভাবে প্রচলিত উন্নত ও উন্নয়নশীল দেশের বিভাজনকে বর্তমান বৈশ্বিক বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি নতুন এক ধারণার প্রস্তাব করে বলেন, স্থিতিস্থাপক, অত্যন্ত স্থিতিশীল এবং বিশ্বস্ত রাষ্ট্রগুলো—যারা ক্ষুদ্র আয়তনকে সুবিধায় রূপান্তর করতে পেরেছে—তাদের এখন ‘সমৃদ্ধ রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করা উচিত। যে দেশগুলো নিজেদের আধুনিক অবকাঠামো, মানবসম্পদ এবং টেকসই অর্থনৈতিক মডেলে বিনিয়োগ করে সফল হয়েছে, তাদের এখন কেবল নিজের স্বার্থ দেখা নয়, বরং সম্মিলিত ও সুসংগঠিত উপায়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার সময় এসেছে।
১৯৪৫ সালের পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল সামরিক শক্তির ওপর ভিত্তি করে শান্তি টেকসই হয় না; এর জন্য প্রয়োজন সুদৃঢ় আইন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উন্মুক্ত বাজার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১২০টিরও বেশি দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ে যুক্ত হয়েছে, যা ক্ষুদ্র দেশগুলোকে বড় শক্তির আধিপত্যবাদ থেকে সুরক্ষা দিয়েছে এবং তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করেছে।
তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতির ভারসাম্যহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও বিশ্বায়ন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে, তবুও শান্তি ও নিরাপত্তার মূল সিদ্ধান্তগুলো এখনো মুষ্টিমেয় কিছু শক্তির হাতে কুক্ষিগত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের উদাহরণ দিয়ে তিনি জানান, যেসব রাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়, তাদেরও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া এবং বাণিজ্যিক সমুদ্রপথের ঝুঁকির কারণে চড়া মূল্য দিতে হচ্ছে।
কাতারের নিজস্ব ভূ-রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশটি উপলব্ধি করেছে যে ভবিষ্যৎ কেবল প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল নয়; বরং নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক এবং নিজস্ব সক্ষমতাই টিকে থাকার মূল শক্তি। এই আদর্শ থেকেই কাতার মধ্যস্থতা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের নীতি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, শান্তি ও স্থিতিশীলতাকে যারা মানবতার স্বাভাবিক অবস্থা হিসেবে মানে না, তারা কাতারসহ সকল মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শান্তি কোনো বিলাসিতা নয়, বরং টেকসই উন্নয়নের মূল শর্ত। বর্তমান সংকটে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে কাতারি মধ্যস্থতাকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, ইতিহাস গড়ার জন্য নিষ্ক্রিয় দর্শক হয়ে না থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের এখনই সময়।
প্রতিনিধির নাম 

























