
আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক অভিযান নিয়ে ভার্চুয়ালি আলোচনা করবেন সিনিয়র মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, সোমবার (১ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি প্রতিনিধিদলের নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন তিনি। এতে করে অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্ক সবচেয়ে তলানীতে পৌঁছেছে।
নেতানিয়াহু বাতিলের পর ইসরায়েলি কর্মকর্তারা উচ্চ পর্যায়ের বৈঠকটির নতুন সূচি তৈরির হোয়াইট হাউজকে বলেছিলেন। বৈঠকে রাফাতে ইসরায়েলি অভিযানের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কর্মকর্তারা বলছেন, দুই মিত্র দেশের উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন চায় রাফাতে স্থল অভিযান শুরুর আগে ইসরায়েল সম্ভাব্য বিকল্পগুলো বিবেচনা করুক।
ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রাফা শহর এখন পর্যন্ত মোটামুটি নিরাপদ রয়েছে। শহরটিতে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেছেন, ভার্চুয়াল আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৭৫ হাজার ৯২ জন।
আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি এবং ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।