
উৎপল ঘোষঃ যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদর উপজেলায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। জানা যায়, ৩রা এপ্রিল বুধবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাইচপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধানখেতে এটি আছঁড়ে পড়ে। বিমানে থাকা দুজন পাইলট অক্ষত আছেন বলে জানা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সেখানে উৎসুক জনতারা ভিড় করেন।এ ব্যাপারে বিমানবাহিনীর কোনো কর্মকর্তা এখনো সাংবাদিকদের কিছুই বলেননি।
প্রত্যক্ষদর্শী মো. মতিয়ার রহমান প্রতিবেদককে বলেন, তারাশি বিলে ধানখেতে খালের পাড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি, দক্ষিণ দিক থেকে বিমানটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। সেটি বিলে ধানের জমিতে এসে পড়ে। কাছে গিয়ে দেখি, বিমানে দুজন লোক। তাঁরা বিমানের গ্লাস খুলে বাইরে আসেন। তাঁরা সুস্থ ছিলেন। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার এসে ওই দুজনকে নিয়ে যায়।