
বগুড়া সদর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোনাতলা উপজেলার শিশু ধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। মঙ্গলবার সদর উপজেলার চারমাথা সিএনজি স্ট্যান্ড ও সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা পালিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়ার মৃত মিলন শেখের ছেলে আরিফ শেখ (৩৫)। তার বিরুদ্ধে ২০১৯ সালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। মাদক কারবারির ১ বছর দুই মাস সশ্রম কারাদন্ড রায় দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার সাদেক আলী চতে (৬৫) সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৩০ জুন সোনাতলা উপজেলায় ১০ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনা ঘটে। স-মিল (কাঠ কাটার কল) ভিতরে শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত সাদেক আলী। পরদিন ১ জুলাই সোনাতলা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিল প্রধান আসামি।