
মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: রাজশাহীর বাঘায় লাভলু-আক্কাছ গ্রুপের হামলায় নিহত আ.লীগ নেতা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় চারঘাট উপজেলার বামনদিঘীতে ওয়ার্ড আ’লীগের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মহসীন আলীর সভাপতিত্বে ও বামনদিঘী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়া চারঘাট উপজেলা ও শলুয়া ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম বাবুল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি একজন শিক্ষকও ছিলেন। দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধা ও ভালবাসার মানুষ ছিলেন। কিন্তু একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিকল্পিত ভাবে তাকে খুন করেছে। খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা। পাশাপাশি তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।