
মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ডোমার রেলস্টেশন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ব্যবসায়ী সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেনের কাছ থেকে ৫হাজার এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে ৫হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।