
রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ১০টা ১৪ মিটিটের দিকে ওই ভবনের ছয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, সাতটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করেছে। ভবনটির ছয়তলায় গার্মেন্ট, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া, ভবনের দুই-তিনতলায় কমিউনিটি সেন্টার রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনও সংবাদ আসেনি বলে জানান তিনি।