
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার ( ২১-১১-২০২৫ ) নৌবাহিনী সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সম্মাননা স্মারক ও শান্তিকালীন পদক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং শান্তিকালীন পদক বিজয়ীগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে এ বছর সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। শান্তিকালীন পদক প্রাপ্তদের মধ্যে ০৩ জন নৌবাহিনী পদক ( এনবিপি ), ০৫ জন অসামান্য সেবা পদক ( ওএসপি ), ০৫ জন বিশিষ্ট সেবা পদক ( বিএসপি ), ০৭ জন নৌ গৌরব পদক ( এনজিপি ), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক ( এনপিপি ) পদকে ভূষিত হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন এর পরিবারসহ ০৫ জন বীর উত্তম, ০৮ জন বীর বিক্রম, ০৮ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান এবং পরিবারবর্গের সদস্যগণ অংশগ্রহণ করেন।