
বগুড়ায় ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. আবু বক্কর সিদ্দিক (৪৫) নামের এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আবু বক্কর সিদ্দিক বগুড়ার কাহালু উপজেলার পাবহাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে। জেলখানায় তার কয়েদি নম্বর ছিল ৩৩৬৮/এ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক একটি মামলায় আদালতের মাধ্যমে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড) প্রাপ্ত হয়ে বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।