
বগুড়া শহরের কলোনী এলাকার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র, পাবলিক জেনারেল হাসপাতাল-এ ভুল চিকিৎসার অভিযোগে ইয়াহিযা (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ও মারামারির সৃষ্টি হয়।
জানা যায়, বগুড়ার মহিষাবান ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইয়াহিযার ডান হাত ভেঙে গেলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, রাতে অপারেশনের প্রস্তুুতি হিসেবে শিশুকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পর আর তার জ্ঞান ফেরেনি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের হস্তক্ষেপ করতে হয়।
পরিবারের দাবি, একটি সাধারণ হাত ভাঙার চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই ইয়াহিযার মৃত্যু হয়েছে। তারা হাসপাতালটির বৈধতা ও সংশ্লিষ্ট চিকিৎসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে, জেলায় অনুমোদনহীন ও ভূয়া হাসপাতাল এবং অদক্ষ চিকিৎসকের দৌরাত্ম্য বেড়ে গেছে, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল মনে করছেন, বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স, চিকিৎসকদের সনদ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়মিত তদারকি না করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করা সম্ভব নয়।