
বগুড়া শহরে অবৈধ মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তম বাঁশফোড় (৩০), পিতা: মৃত রুখিলাল, সাং: রেলওয়ে কলোনী; মো. স্বপন শেখ (২৫), পিতা: মো. আমজাদ শেখ, সাং: চক সূত্রাপুর; এবং মো. সবুজ (২৫), পিতা: মো. আনসার আলী, সাং: দাড়াইল বাজার, থানা: গাবতলী।
জানা যায়, বৃহস্পতিবার ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।