
বগুড়ার মোকামতলা উপজেলার লক্ষীপুড় গ্রামে জমি–সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনেরা।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুর ১২টার দিকে মোকামতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নিহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাবল মার্ডারের এ ঘটনায় অভিযুক্ত রাব্বি, রাহাত ও আওলাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতাকারী অন্যদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
নিহত ইয়াসিন আলী ও সুমনের স্ত্রীরা মানববন্ধনে বক্তব্যে। তাঁরা তাঁদের স্বামীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, নিহত দুই ভাইয়ের রেখে যাওয়া এতিম শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি সহায়তা প্রয়োজন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।