
বগুড়া সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২), ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া।
র্যাব জানায়, বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর উপজেলার উপশহর এলাকায় অভিযান চালিয়ে মো. নিপু (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
একই রাতে সদর উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে পৃথক আরেকটি অভিযানে মো. মাহিন কাজী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।