
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
ময়মনসিংহ বিভাগের চার জেলা ও উপজেলা থেকে আসতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ছবিসম্বলিত ফ্যাস্টুন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাপূর্ব সমাবেশে নিতাই রায় বলেন, ছাত্র-জনতা অসীম আত্মত্যাগ করায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পটভূমিতে ছাত্র জনতার এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। এখন কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা দায়িত্ব গ্রহণ করবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (০১) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, (০২) বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও (০৩)সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, (০৪)দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, (০৫) নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা: আনোয়ারুল হক, (০৬) শেরপুর জেলা বিএনপির সভাপতি হযরত আলী, (০৭) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, (০৮)ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আবুল হোসেন, (০৯) মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, (১০) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন- বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।