
বগুড়ার নন্দীগ্রামে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের এক বিশেষ মিলনমেলা। স্থানীয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক সচেতনতামূলক কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পরিবেশ সচেতনতা সৃষ্টি ও এর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। মিলনমেলায় সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে থাকবে সরাসরি প্রশ্নোত্তর পর্ব, যেখানে কন্টেন্ট তৈরির বিভিন্ন কৌশল, মানসম্মত ভিডিও নির্মাণ এবং সামাজিক দিক বিবেচনায় ইতিবাচক বার্তা পৌঁছানোর নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নন্দীগ্রামের পল্লী কুঠির রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নন্দীগ্রাম থানা পুলিশ দায়িত্ব পালন করবে।
মিলনমেলায় অংশগ্রহণে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটরদের আগে থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আয়োজক মশিউর রহমান মানিকের ফেসবুক পেজ ফলো করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। নিয়ম মেনে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদেরই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানের আয়োজক মশিউর রহমান মানিক জানান, এই মিলনমেলার মাধ্যমে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সৃজনশীল, শিক্ষামূলক ও সমাজবান্ধব কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহিত হবেন। একই সঙ্গে এটি নন্দীগ্রামের নির্মাতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে।
নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান 


















