
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম শেখকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মিরপুর ২ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হালিম শেখ ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় করা মামলার আসামি।
সিআইডি জানায়, মামলার তদন্তে জানা গেছে, আব্দুল হালিম শেখ আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় এবং কিশোর আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। বুধবার রাত সোয়া ১টার দিকে মিরপুর ২ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লা সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় আন্দোলনকারীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মরদেহ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দিলে পরবর্তীতে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় এ মামলা রুজু হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দপূর্বক রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে মামলার রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।