
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে তিন দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে সমবেত হবেন। গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঐতিহাসিক এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
বৈঠকে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু। পাকিস্তানের প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি বৈঠকে অংশ নেবেন।
তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের সমন্বয়ে গঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় যৌথ কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা। ইস্তাম্বুলের এই বৈঠকে যৌথ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সচিবালয় গঠন, কাঠামোগত রূপরেখা নির্ধারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।