
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি চরপাড়া গ্রামে গরুর ঘরে আগুন লেগে মো. গুটু শেখের দুটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার পর গুটু শেখের গরুর ঘরে আগুন লাগে। ওই সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে থাকায় প্রথমে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। পরে আগুন নেভানোর চেষ্টা করেও গরু দুটি রক্ষা করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আর্থিকভাবে বিপাকে পড়েছেন গুটু শেখ ও তাঁর পরিবার। বর্তমান বাজারদর অনুযায়ী, গরু দুটির আনুমানিক মূল্য দুই থেকে তিন লাখ টাকা। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকারি অনুদান বা আর্থিক সহযোগিতা পেলে পরিবারটি এই দুর্যোগ কাটিয়ে উঠতে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 


















