
একটি ছোট্ট চায়ের দোকান। অসুস্থ এক তরুণের জীবিকা নির্বাহের অবলম্বন এই দোকান। দোকান থেকে সামান্য আয় করেই চলে তাঁর সংসার। নিজের কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি। অথচ সেই দোকান থেকেই দুটি কেটলি ও ১০–১৫টি চায়ের কাপ চুরির অভিযোগ উঠেছে।
ঘটনাটি সোনামুখীর ‘আতানতলা চা-স্টল’-এর। জীবিকার এই ক্ষুদ্র অবলম্বন থেকে মালামাল চুরির ঘটনা স্থানীয়ভাবে দুঃখজনক ও উদ্বেগজনক।
একজন অসুস্থ মানুষের কষ্টার্জিত জীবিকার এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে কাজীপুর থানা-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ছোটখাটো চুরির ঘটনাও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
একটি ছোট্ট দোকান কারও কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু একজন মানুষের কাছে সেটিই হতে পারে তাঁর পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 


















