
সালাম স্যার খ্যাত, বীর মুক্তিযোদ্ধা রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, সাদা মনের মানুষ আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা ও নাতি নাতনিদের রেখে যান। ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করার পর বাদ আসর (৪ টার সময়) জানাজা নামাজ তার নিজ বাসভবন সংলগ্ন মাঠে (দেওয়ানের খামার) অনুষ্ঠিত ও কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি দীর্ঘদিন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তার অমূল্য অবদান রেখেছেন। তিনি উপজেলার দেওয়ানের খামার ও বাবুরহাট (চর-ভূরুঙ্গামারী) এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার প্রাক্তন ছাত্রদের থেকে জানা যায়, তার নাম মোহাম্মদ হোসেন মাস্টার হলেও সবাই তাকে সালাম স্যার হিসাবেই সবচেয়ে বেশি চিনত। যে কারণে তিনি সালাম স্যার হিসেবে পরিচিতি লাভ করেন তা হলো, তিনি প্রত্যেককে সবার আগেই সালাম দিতেন। ছোট বড় দেখতেন না অর্থাৎ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে বাছ বিচার না করে কারো সালাম দেয়ার আগেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করে সালাম দিয়েই যেতেন। তিনি এতটা ব্যাপক সালামের প্রচলন করেন যে, কেউই তাকে তার সালাম দেয়ার পূর্বে তাকে সালাম দিতে পারতেন না, এই কারণে তাকে একসময় সকলে তার নামের পরিবর্তে “সালাম স্যার” বলে ডাকতেন।
জ্ঞান, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের সাথে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে জীবনদর্শন, শিক্ষা ও নৈতিকতার শিক্ষা সত্যিকার অর্থে শেখান, তাঁর অবদান অমূল্য। তিনি শুধু পাঠদানই করেননি, বরং তাঁর জীবনযাপন, আদর্শ ও মানবিকতা দিয়ে একেকটি জীবনকে আলোকিত করেছেন। তাঁর শিক্ষার্থীরা আজ যেখানেই আছেন, সেখানেই তিনি তাঁদের মনে এক গভীর ছাপ রেখে গেছেন। মাস্টার সাহেবের জীবন ছিল এক সংগ্রামী পথচলা, যেখানে প্রতিটি মুহূর্তই ছিল অন্যের কল্যাণে নিবেদিত। তিনি ছিলেন একজন মহান শিক্ষক, একজন অভিভাবক এবং একজন অমর আদর্শ।
তার শিক্ষা প্রতিষ্ঠান, সহকর্মীর পাশাপাশি ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা একজন বরেণ্য শিক্ষক ও সৎ মানুষকে হারালাম, যিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, তাঁর চরিত্র এবং নৈতিকতার মাধ্যমে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন ধার্মিক, সৎ ও আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তাঁর শিষ্যরা তাকে সর্বদাই শ্রদ্ধার চোখে দেখতেন। তার অবদান চিরকাল মনে রাখা হবে।
তিনি জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকা ও দৈনিক তালাশ বিডির সাংবাদিক, লেখক ও কলামিস্ট ‘এম এ সাঈদ’ এর পিতা। দৈনিক দেশের কন্ঠ পত্রিকা ও দৈনিক তালাশ বিডি তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন করেন।