
উৎপল ঘোষ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ হরিনাকুন্ডের চাঞ্চল্যকর ক্লুলেস শামীম হত্যার মূল পরিকল্পনাকারী ও কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে ০১টি বিদেশী রিভলবার ০১টি ওয়ান শুটারগান এবং ০৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৬
থানা পুলিশ সুত্রে জানা যায় ২৩ নভেম্বর ২০২৩ ঝিনাইদহ হরিনাকুন্ডু থানার সাবেক সেনা সদস্য এবং উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি ভিকটিম শামীম হোসেন (৪৮)কে রাতে কিছু দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
জানা যায় নিহত ভিকটিম শামীম হোসেন রাত অনুমান ৮ টার দিকে রাতের খাবার শেষ করে বাড়ী হতে বের হন। এর কিছু সময় পরে হরিণাকুন্ডু থানার পার্বতীপুর গ্রামের জব্বার মন্ডলের মেহগনি বাগানের উত্তর পাশে খালপাড়ে বাশেঁর সাকোর নিচে ভিকটিম শামীম হোসেন এর রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। কিছু দুর্বৃত্তরা ভিকটিম শামীম হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন প্রেস মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৪ নভেম্বর ২০২৩ হরিনাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
র্যাব -৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান. ৩০ ডিসেম্বর ২০২৩ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন হরিণাকুন্ডু গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্রগুলিসহ অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত একটা ত্রিশ মিনিটে জেলার হরিণাকুন্ডু থানাধীন হরিণাকুন্ডু এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী হরিণাকুন্ডু থানার পারদখলপুর এলাকার মোঃ ছানোয়ার হোসেন ছনু এর পুত্র আবু সাইদকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, এবং ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু সাইদ তার নিকটে থাকা আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত সন্ত্রাসী আবু সাইদ হরিণাকুন্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।