
বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা চৌধুরীশিয়ায় অবৈধ বালু উত্তোলনের ফলে ধ্বংস হচ্ছে এলাকার বসতভিটা, চাষাবাদের জমি ও নদীর পার্শ্ববর্তী ভূমি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, প্রভাবশালী এক বালু সিন্ডিকেট দিনের পর দিন নির্বিচারে নদী থেকে বালু উত্তোলন করে জমি ধ্বংস করছে, নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, এবং বসবাস অনুপযোগী হয়ে উঠছে পুরো অঞ্চল।
ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসনকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দখল-দূষণে হুমকির মুখে পড়েছে কৃষিজমি, বাড়িঘর ও পরিবেশ। নদীর পাড় ভাঙনের পাশাপাশি পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি উৎপাদনেও প্রভাব পড়ছে।
স্থানীয় এক প্রবীণ বলেন, “আমার আবাদি জমি আর বাড়ির একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। এখন প্রতিদিন ভয়ে থাকি, কখন জানি পুরোটা নদীতে তলিয়ে যায়।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও মানুষের জীবন রক্ষার জোর দাবি জানাচ্ছেন।