
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর শাখার উদ্যোগে আজ ২২ জুলাই বাদ জোহর শহর কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-০১ আসনের এমপি প্রার্থী জনাব ফজলুর রহমান সঈদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সঈদ বলেন, “এ দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনার। নিহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন নিহতদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন, “যে কোনো বিপদের সময় আল্লাহর কাছে ফিরে যাওয়া, তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আমরা শান্তি ও সমাধান লাভ করতে পারি। জামায়াত সব সময় দেশ-জাতির যেকোনো দুঃসময়ে পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় মসজিদের ইমাম ও খতীব, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ।
এ সময় দেশের কল্যাণ, জাতির শান্তি, আহতদের সুস্থতা ও নিহতদের জান্নাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে শহরের বিভিন্ন মসজিদেও পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।