
বাগেরহাটের মোংলায় যৌথবাহিনীর অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা থানার মোংলা বন্দর বহুমুখী মাদরাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি তল্লাশি করে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন (৪০) এবং মো. সগির হোসেনকে (৫২) আটক করা হয়। তারা দুজনই বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।
জব্দকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।