
উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধি : যশোর রেলস্টেশনে ১৪ মামলার আসামি জুম্মান হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬’র সদস্যরা। গত রোববার রাতে তাদের আটক করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার রবিউল ইসলাম রবির ছেলে শুভ (৩২), বেজপাড়া বিহারী কলোনী এলাকার ইমান আলীর ছেলে সবুজ (২৬), চাঁচড়া রায়পাড়া তুলোতলা মোড়ের জাফরের ছেলে সজিব (২৩) ও পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার বাবু আলীর ছেলে মোহাম্মদ (২২)।
র্যাব জানিয়েছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে শুভ ও সবুজকে এবং জেল রোডে কুইন্স হসপিটালের সামনে থেকে মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিশেষ অভিযানে সজিবকে গ্রেফতার করা হয়।
সোমবার নিহত জুম্মানের ভাই মামুন ১৩ জনের নাম উল্লেখ করে খুলনার জিজআরপি থানায় মামলা করেন। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ অফিসের সামনে জুম্মানকে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি দৌড়ে পালিয়ে রেলস্টেশনের ২ নম্বর প্লটফর্মের দিকে পালিয়ে যাওয়ার সময় সেখানে গিয়ে আসামিরা ছুরিকাঘাত করে। পরে জুম্মান মারা যায়।