
অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এর জন্য কোচ লিওনেল স্কালোনি গত ৩ অক্টোবর ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও চোটের কারণে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।
লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারেননি আলমাদা। তার ইনজুরি প্রসঙ্গে কোচ দিয়েগো সিমিওনে জানান, সে এখনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট হয়নি। এর আগে জাতীয় দলের হয়ে খেলার সময়ই মাংসপেশীতে চোট পান ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। প্রায় ২০ দিন ধরে তিনি মাঠের বাইরে আছেন।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, আলমাদা অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি। ফলে ফ্লোরিডায় ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না আর্জেন্টিনা। তবে তার পরিবর্তে এখনো কাউকে দলে ডাকা হয়নি।
চোটের কারণে ইতোমধ্যেই অ্যাতলেটিকোর সাতটি ম্যাচ মিস করেছেন আলমাদা, যার মধ্যে রয়েছে লিভারপুল ও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। আগামী ১৯ অক্টোবর লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়ার আশা করছেন কোচ সিমিওনে।
এর আগে, ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো থেকে চলতি মৌসুমে ২১ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোতে যোগ দেন এই তরুণ তারকা।
অন্যদিকে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি ও রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, কারণ এর পরদিনই মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচ রয়েছে। এছাড়া প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আনিবাল মোরেনো, লাউতারো রিভেরো ও ফাকুন্দো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।