
গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ(২১ মার্চ) সকাল ৮ টার দিকে শান্তিপুর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বড় মসজিদের ঈমাম মুক্তি মাওলানা মাহবুর রহমান ।
আবহাওয়া অনুকূলে না থাকায় জেলা ষ্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় পরিবর্তে বড় মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়।
জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সদর-০২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম , জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, গন উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম ও বিভিন্ন দলের রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।
এদিকে, প্রধান জামাত ছাড়াও গাইবান্ধা পৌর শহরের এনএইচ মডার্ণ হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান ও রেল স্টেশন জামে মসজিদসহ শহরের বিভিন্ন জায়গায় নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ঈদ পালনে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।