
যশোরের কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম মুর্শিদী, ক্রীড়া সম্পাদক মোঃ মুকুল হোসেন, সদস্য সচিব মোঃ মনজুরুল ইসলাম (ডাবলু), নির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান এবং সদস্য মোঃ হেলাল, আব্দুর রাজ্জাক, ইমরান আহম্মেদ ও ফটোসাংবাদিক এম এ খালেকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
সভাপতির বক্তব্যে এ কে আজাদ ইকতিয়ার বলেন, “প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ দক্ষতা বাড়াতে হবে এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে কেউ মিথ্যা বা বানোয়াট সংবাদ ও ভিডিও প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভা শেষে প্রেসক্লাবের সভাপতি সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।