
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে দই, মিষ্টিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেলেও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
স্থানীয়দের অভিযোগ, যে দই আগে ১৫০ টাকায় বিক্রি হতো বর্তমানে সেটি ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে যে মিষ্টি আগে ১৫০ থেকে ২০০ টাকায় পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেকটাই কমে গেছে।
শুধু দই-মিষ্টিই নয়, ফলমূলের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। বাজারে প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে প্রায় ৮০০ টাকায়। এছাড়াও অন্যান্য ফলমূল ও নিত্যপণ্যের দামও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
স্থানীয় একাধিক ক্রেতা জানান, বাজারে কোনো ধরনের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন। প্রশাসনের নীরব ভূমিকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।
একজন ক্রেতা বলেন, “দিন আনি দিন খাই মানুষ এখন বাজার করতে হিমশিম খাচ্ছে। আয় বাড়েনি, কিন্তু সব জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে।”
এ বিষয়ে দ্রুত বাজার মনিটরিং জোরদার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।