1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার

 

সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান মো. গোলাম মোস্তফা। গত ২০ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় করা জিডিতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। (জিডি নম্বর ১৫৭৫)
জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন স্থানীয় লোকজন নজরুল ইসলাম জুলুকে তাঁর বাসা থেকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরদিন ৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে পাঠানোর জন্য থানার সামনে থাকা প্রিজন ভ্যানে তোলার সময় রাজশাহী প্রেসক্লাবের সাতজন সাংবাদিক ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, হাতকড়া পরা অবস্থায় জুলুকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি সাংবাদিকদের দিকে তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে ভ্যানে তোলা হয়।
জিডিতে আরও বলা হয়, প্রিজন ভ্যানে ওঠানোর সময় জুলু সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি বলেন, “আমি জেল থেকে বের হয়ে তোদের গুলি করে মারব, তোদের লাশ খুঁজে পাওয়া যাবে না।”

ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।
জিডিতে আরও অভিযোগ করা হয়েছে, আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পরও ভিডিও ধারণকারী সাংবাদিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে জিডিটি করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান মো. গোলাম মোস্তফা।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, “জুলুর বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, পুকুর ভরাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্টের পর নজরুল ইসলাম জুলু অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নেন। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে প্রকৃত সাংবাদিকদের প্রেসক্লাব থেকে বের করে দেওয়া হয়। পরে জুলু নিজেকে প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করেন।

সাইদুর রহমান আরও বলেন, জুলুর বিরুদ্ধে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় প্রেসক্লাবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান মো. গোলাম মোস্তফা বলেন, “জুলু প্রকাশ্যে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাঁর বিরুদ্ধে জিডি করেছি। ভবিষ্যতে তিনি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে আইনগতভাবে মোকাবিলা করা হবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com