
বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার স্টেশন রোড এলাকার ‘স্বপ্নপুরী হোটেল’-এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ সিয়াম ফকির (২০), সারিয়াকান্দি উপজেলার কলোনিপাড়া হিন্দুকান্দির মোঃ মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোহান ইসলাম (২৩) এবং বগুড়া সদরের রাজাবাজার এলাকার মির্জা সেলিম রেজার ছেলে মোঃ সাগর রেজা (২৮)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজিম রেজা চৌধুরী।
অভিযানকালে ওই তিন যুবকের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ও ২ নম্বর আসামীকে (সিয়াম ও সোহান) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া ৩ নম্বর আসামী সাগর রেজাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজা পরোয়ানার পর দণ্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুুতি চলছে।