
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে প্রতিমন্ত্রীর বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়। গাড়িটিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন, তিনিও সামান্য আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। তাকে বাঁচাতে গিয়েই মূলত চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান, যার ফলে গাড়িটি ফসলের মাঠে গিয়ে পড়ে। এই ঘটনায় পথচারী ওই নারী আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তিনি হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি জয়পুরহাটে নিজ বাড়িতে অবস্থান করছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। পথচারী বৃদ্ধাকে বাঁচাতে গিয়েই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে নিশ্চিত করেছেন তিনি।