যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরের খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও ডিবির অভিযান অব্যাহত ছিল। গত ৪ সেপ্টেম্বর খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ ফিরোজ হোসেন এবং ডিবি যশোরের এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে যৌথ টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ রাব্বি হোসেন (২০) ও ৪ নম্বর আসামি মোঃ আসিফ হোসেনকে (২০) আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নম্বর আসামি মোঃ মারুফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি ও মারুফ বাঘারপাড়া থানার তেলিধান্যপুর গ্রামের মোঃ আব্দুর রউফ মোল্যার ছেলে। অন্যদিকে আসিফ হোসেন যশোর কোতোয়ালী মডেল থানার মুনসেফপুর এলাকার আমিনুর বিশ্বাসের ছেলে। আটক আসামিদের দেয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু এবং একটি ছোট আকারের চাপাতি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে মামলার আসামি আসিফ হোসেন বিজ্ঞ আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।