
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। একই অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় আরও একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাতে গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার শাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মো. আকরাম হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সোহেল রানার ছেলে।
পরে তার শরীর তল্লাশি করে পরিহিত আকাশি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় আকরাম হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫ সেপ্টেম্বর মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার শাপলা মিল মধ্য ধানগড়া এলাকায় নিজ বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে কথিত ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় শ্রী মানিক চন্দ্র দাসকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং ১৭৬/২৬ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সেটি বিজ্ঞ আদালতে দাখিল করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 

























