
যশোরের মনিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মোঃ জাবের হোসেন (২১)। তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবের হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল মনিরামপুর বাজারের মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবাসহ জাবের হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
বহিষ্কৃত জাবের হোসেন মনিরামপুর উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে। তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মাদক মামলার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, জাবেরকে আটকের বিষয়টি আমরা শুনেছি পরে সেটা যশোর জেলা নেতৃবৃন্দকে অবহিত করার পর তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেছে।
যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ ইমরান জানান, ছাত্রদলের সাথে মাদকের কোনো সম্পর্ক নেই। আমার মনিরামপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, এবং সাথে সাথে ঘটনাটি তদন্ত করে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদল এমন একটি সংগঠন যেখানে মাদক, দুর্নীতির কোনো স্থান নেই। আগামীতে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে আহবান করেন তিনি।
উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার 




















